ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি হিজাব ছাড়া ইউটিউবে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করায় তাঁর বিরুদ্ধে ৭৪টি চাবুক মারার সাজা দিয়েছে দেশটির কোম প্রদেশের একটি আদালত। একই সঙ্গে তাঁকে দুই বছরের জন্য সংগীতচর্চা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই মামলায় তাঁর সংগীত দলের আরও আট সদস্যকেও ৭৪টি করে চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান ইউটিউবে লাইভস্ট্রিম করেন। ওই পরিবেশনায় তিনি হিজাব পরেননি। আদালতের ভাষ্য অনুযায়ী, এটি ‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ হিসেবে বিবেচিত হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরান সংকট ও চীনের নতুন কূটনৈতিক কৌশল: ফল ঘরে তুলছে বেইজিং
গানটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুত ভাইরাল হয়। এরপর দেশটির প্রশাসন পারাস্তু আহমাদি ও তাঁর দলের সদস্যদের আটক করে। পরে তারা মুক্তি পেলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত এই কঠোর রায় ঘোষণা করে।
আদালতের নির্দেশ অনুযায়ী, চাবুকের সাজা ছাড়াও আগামী দুই বছর তিনি কোনো ধরনের সংগীতচর্চা করতে পারবেন না। একই সময়ে তাঁর ওপর বিদেশ ভ্রমণ বা দেশত্যাগেরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রায় ঘোষণার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মী এবং আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এর তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, এই সিদ্ধান্ত শিল্প-সংস্কৃতির স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের ওপর গুরুতর হস্তক্ষেপের দৃষ্টান্ত। ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদিসহ বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এ রায়ের নিন্দা জানিয়েছেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালী বন্ধের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র
এদিকে মানবাধিকারভিত্তিক আইনি সংস্থা দাদবান-এর আইনজীবী মইন খাজায়েলি বলেছেন, ইরানের প্রচলিত আইনে নারীদের সংগীত পরিবেশন করাকে সরাসরি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। তাঁর দাবি, এ রায়ের সুস্পষ্ট আইনি ভিত্তি নেই এবং এটি আইনের অপপ্রয়োগের উদাহরণ।
একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান। সংস্থাটি বলেছে, এ ধরনের শাস্তি ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও জোরালো করে এবং সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দেয়।
আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

