স্পেনের অজেয় রথ, পর্তুগাল কি থামাতে পারবে?

spot_img

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে ডালাসে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। আইবেরিয়ান উপদ্বীপের দুই পরাশক্তির এই লড়াইকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় নকআউট ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান স্পেনকে এগিয়ে রাখলেও নকআউট ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিজ্ঞতা এবং পর্তুগালের পাল্টা আক্রমণের সক্ষমতা ম্যাচটিকে করে তুলেছে অনিশ্চয়তায় ভরা।

বিশ্লেষণভিত্তিক পূর্বাভাসে স্পেনের পক্ষেই ঝুঁকেছে অপটা সুপার কম্পিউটার। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ। পর্তুগালের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৫.৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

দুই দলের শেষ ষোলোয় ওঠার পথ ছিল ভিন্ন। রবার্তো মার্তিনেজের পর্তুগালকে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে। অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল, ভিএআর বিতর্ক এবং বিশ্বকাপের নকআউট পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম গোল মিলিয়ে নাটকীয় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। এবার তাদের লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া। ২০০৬ সালের পর আর পরপর দুটি নকআউট ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পর্তুগাল।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেও একটিও গোল হজম করেনি তারা। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে স্প্যানিশরা। সেই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, আর একটি গোল করেন পেদ্রো পোরো।

রক্ষণভাগেও ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে স্পেন। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ম্যাচটিও বিবেচনায় নিলে, পর্তুগালের বিপক্ষেও ক্লিন শিট ধরে রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে গোল না খাওয়া প্রথম দল হবে লা রোজা।

শুধু রক্ষণ নয়, ধারাবাহিক পারফরম্যান্সেও অনন্য স্পেন। দলটি বর্তমানে টানা ৩৪ ম্যাচ অপরাজিত। পর্তুগালের বিপক্ষে হার এড়াতে পারলে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে গড়া নিজেদের ৩৫ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে তারা। একই সঙ্গে কোচ লুইস দে লা ফুয়েন্তেও বড় একটি ব্যক্তিগত মাইলফলকের সামনে। তার অধীনে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে প্রথম ১১ ম্যাচে অপরাজিত স্পেন। এই ম্যাচ জিততে পারলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম ১২ ম্যাচ অপরাজিত থাকা কোচদের বিশেষ তালিকায় নাম লেখাবেন তিনি।

পর্তুগালের সবচেয়ে বড় নির্ভরতার নাম অবশ্যই অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে তার চারটি গোল রয়েছে, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলসংখ্যার সমান। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে তার স্মরণীয় হ্যাটট্রিক এখনও ফুটবলপ্রেমীদের আলোচনায় রয়েছে।

অন্যদিকে স্পেনের আক্রমণে নজর থাকবে মিকেল ওইয়ারসাবালের দিকে। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করেছেন তিনি। ২০১০ সালে ডেভিড ভিয়ার পাঁচ গোলের পর এক আসরে স্পেনের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে।

দুই দলের অতীত পরিসংখ্যানও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঁচবার মুখোমুখি হয়ে উভয় দল একটি করে ম্যাচ জিতেছে, বাকি তিনটি ড্র হয়েছে। ২০১৮ বিশ্বকাপে তাদের ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্র এবং ইউরো ২০১২-এর সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের জয় এখনও স্মরণীয়।

তবে প্রতিযোগিতামূলক ম্যাচের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে স্পেন। শেষ ১২টি প্রতিযোগিতামূলক লড়াইয়ে পর্তুগাল মাত্র একবার জিতেছে, সেটিও ২০০৪ সালের ইউরোতে। যদিও দুই দলের সর্বশেষ সাক্ষাতে ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে জিতে শিরোপা ঘরে তুলেছিল পর্তুগাল, যা রোনালদোদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের কৌশলগত লড়াইও হবে দারুণ আকর্ষণীয়। স্পেন নিজেদের স্বাভাবিক পজেশনভিত্তিক ফুটবলে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে, আর পর্তুগাল নির্ভর করবে দ্রুত পাল্টা আক্রমণের ওপর। ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও রোনালদোর সৃজনশীলতা যেমন পার্থক্য গড়ে দিতে পারে, তেমনি পেদ্রি, গাভি ও রদ্রির মিডফিল্ড নিয়ন্ত্রণও ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম স্পেনকে এগিয়ে রাখলেও নকআউট ফুটবলের বাস্তবতা ভিন্ন। একটি মুহূর্ত, একটি সুযোগ কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই ডালাসের আইবেরিয়ান ডার্বিতে শেষ পর্যন্ত কোন দল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেটিই এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় আলোচনার বিষয়।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

spot_img
Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here