কক্সবাজারের টেকনাফে ভুলবশত ব্যাটারির এসিডযুক্ত পানি পান করার প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার বছর বয়সী শিশু সাঈদুল আলম সামী। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সামী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোনাপাড়ার বাসিন্দা শামসুল আলমের ছেলে এবং স্থানীয় আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, গত ৯ এপ্রিল সামী পাশের মহিমের চায়ের দোকানে যায়। সেখানে পার্শ্ববর্তী পানের দোকানদার কামাল হোসেনের সংরক্ষিত ব্যাটারির এসিডযুক্ত পানি ভুলবশত সামীর ভাই মো. কাজল তাকে পান করতে দেয়। এসিড পান করার কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সামীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার সময়ে তার খাদ্যনালীতে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে বিচারিক সমঝোতার অংশ হিসেবে আব্দুল জলিল বাদশার উপস্থিতিতে চিকিৎসা ব্যয়ের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ চিকিৎসা, একাধিক অস্ত্রোপচার ও হাসপাতালে যাতায়াতে সামীর পরিবারকে ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করতে হয়। এত চেষ্টা ও বিপুল ব্যয় সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
মর্মান্তিক এ ঘটনায় টেকনাফজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাটারির এসিডসহ যেকোনো বিষাক্ত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ অবশ্যই শিশুদের নাগালের বাইরে নিরাপদভাবে সংরক্ষণ করতে হবে। বিশেষ করে পানির বোতল বা অস্বচ্ছ পাত্রে এ ধরনের তরল রাখা হলে বিভ্রান্তির ঝুঁকি বেড়ে যায়, যা মুহূর্তেই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।
আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

