বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘দেলুপি-Delupi’-র সঙ্গে অনুরাগ কশ্যপ

spot_img

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’। ভারতের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কশ্যপ ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এবং বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে ছবিটি ‘Anurag Kashyap Presents: Delupi’ নামে উপস্থাপিত হবে।

দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই অনুরাগ কশ্যপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন নির্মাতা ও বিকল্পধারার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার সম্পৃক্ততা চলচ্চিত্র অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি স্বাধীন চলচ্চিত্রের সঙ্গে তার যুক্ত হওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ওয়েব সিরিজ ‘শাটিকাপ’‘সিনপাট’-এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ গত বছরের ৭ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া অর্জন করে।

চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সডে ছবিটি দেখে নিজের প্রতিক্রিয়াও প্রকাশ করেছিলেন অনুরাগ কশ্যপ। তিনি উল্লেখ করেন, বন্যাকবলিত একটি বিচ্ছিন্ন জনপদ, গ্রামের ক্ষুদ্র ক্ষমতার রাজনীতি এবং মানুষের বেঁচে থাকার সংগ্রাম তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে তিনি ছবিটির নির্মাণশৈলী, গল্প বলার ধরন এবং ভিজ্যুয়াল ভাষার প্রশংসা করেন। এরপরই আন্তর্জাতিকভাবে ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, অনুরাগ কশ্যপের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন চলচ্চিত্রকারের সম্পৃক্ততা বাংলাদেশের সিনেমার জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ। তার বিশ্বাস, এর ফলে আন্তর্জাতিক পরিবেশক, চলচ্চিত্র উৎসব এবং বৈশ্বিক দর্শকদের কাছে ‘দেলুপি’ নতুন মাত্রায় গুরুত্ব পাবে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে খুলনার দেলুটি ইউনিয়নের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর স্থানীয় মানুষের সংকট, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রান্তিক জনগোষ্ঠীর টিকে থাকার সংগ্রাম ছবিটির মূল উপজীব্য। বাস্তবধর্মী উপস্থাপনা ও স্থানীয় জীবনের অনুষঙ্গ ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ খুলনা অঞ্চলের স্থানীয় শিল্পীরা। ভাষার স্বাভাবিকতা ও আঞ্চলিক আবহ অক্ষুণ্ন রাখতে অধিকাংশ শিল্পীকেই স্থানীয়ভাবে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি বাস্তব লোকেশনেই সম্পন্ন হয়েছে ছবিটির শুটিং।

আন্তর্জাতিক প্রিমিয়ারের আগে নির্মাতারা দেলুটি এলাকার বাসিন্দাদের জন্য খোলা আকাশের নিচে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। ইতোমধ্যে ‘দেলুপি’ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘Bright Future’ বিভাগে প্রদর্শিত হয়ে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততার ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পরিবেশক এবং বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিটির গ্রহণযোগ্যতা আরও বাড়বে। একই সঙ্গে এটি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্যও নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত করবে।

শুধু একটি চলচ্চিত্র হিসেবেই নয়, ‘দেলুপি’ জলবায়ু পরিবর্তন, নদীভাঙন এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের এক সংবেদনশীল দলিল হিসেবেও বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে এর যাত্রা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

spot_img
Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here