শিক্ষার্থীদের নাম, মা-বাবার নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন করতে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন না হওয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২০ জুন) বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন নিষ্পত্তির পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হওয়ায় এতে কোনো ধরনের মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোর্ড।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ দিনে শিক্ষার্থীদের প্রায় আট হাজার আবেদন সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। যেসব আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
তবে আবেদন নিষ্পত্তির এই সময়কে কেন্দ্র করে শিক্ষা বোর্ড কার্যালয়ের আশপাশে একটি অসাধু দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে বোর্ড। এসব ব্যক্তি দ্রুত আবেদন নিষ্পত্তির ভুয়া আশ্বাস দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। ফলে অনেকেই আর্থিক ক্ষতির পাশাপাশি অপ্রয়োজনীয় হয়রানির শিকার হচ্ছেন।
বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নাম, মা-বাবার নাম কিংবা জন্মতারিখ সংশোধনের আবেদন নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন করা হয়। কোনো ব্যক্তি, দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন দ্রুত নিষ্পত্তির সুযোগ নেই। তাই এমন প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদন সংক্রান্ত কোনো জটিলতা বা অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে শিক্ষার্থীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবন, লিফট-৬) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতারকদের কোনো ধরনের অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষা বোর্ডের মতে, সচেতনতা বৃদ্ধি পেলেই প্রতারণার সুযোগ কমে আসবে এবং সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv

