দীর্ঘ ২৩ দিনের ছুটি কাটিয়ে আজ রোববার (১৪ জুন) থেকে আবারও প্রাণচাঞ্চল্যে ফিরেছে দেশের মাদ্রাসাগুলো। পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেওয়া দীর্ঘ বিরতি শেষ হওয়ায় আজ থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ২৪ মে থেকে মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল। তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২১ মে ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ২৩ দিনের বিরতি শেষে আজ থেকে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরেছে।
শিক্ষা কর্তৃপক্ষের আশা, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগী হবে এবং প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে।
এদিকে, আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও সামনে আরও বেশ কিছু সরকারি ছুটির সুযোগ রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরপরই আগস্ট মাসে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষেও নির্ধারিত ছুটি পাওয়ার কথা রয়েছে।
আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv
