নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মধ্য বাড্ডায় টাকা তুলতে গিয়ে দুর্বৃত্তদের নৃশংস ছুরিকাঘাতের শিকার হয়ে রেজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মধ্য বাড্ডার নিজ বাসা থেকে বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হয়েছিলেন রেজিনা। এরপর পরিবারের সদস্যরা খবর পান, বাসার অদূরে রাস্তায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে মিলল প্রেমিকের লাশ, গুমের চেষ্টার অভিযোগ
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় লড়াই করার পর রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ৫৮ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু: শীর্ষে বরিশাল, সতর্কবার্তায় বিশেষজ্ঞ
নিহত রেজিনা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং সৌদি আরব প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। তিনি সন্তানদের নিয়ে মধ্য বাড্ডার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এখন খুনিদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv
